সাপ্তাহিক ছুটির পর আজ রবিবার ফের বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। আজকের অধিবেশনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম ও পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত ১০ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, আজ প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন তিনটি নোটিশ আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংসদ অধিবেশনে আজকের কার্যসূচি
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনার নোটিশ দিয়েছেন। মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নোটিশ দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে।
তৃতীয় নোটিশটি দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমদ হাঞ্জলা। শিবচরে জনদুর্ভোগ কমানো, ভূমিসেবা সহজ করা এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
আজকের কার্যসূচিতে আরও রয়েছে কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ নিয়ে সংশ্লিষ্ট স্থায়ী কমিটির প্রতিবেদন ও মন্তব্য উত্থাপন। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হবে।
এ ছাড়া গত ৬ মার্চ স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি সংক্রান্ত দলিলটিও আজ সংসদে উপস্থাপনের কথা রয়েছে।
কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন।




