ক্যারিয়ারে আটবার অস্কারের জন্য মনোনীত হয়েও একবারও জিততে পারেননি গ্লেন ক্লোজ। এবার সেই দীর্ঘ অপেক্ষার স্বীকৃতি মিলছে: ৭৯ বছর বয়সে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য অ্যাকাডেমির সম্মানসূচক পুরস্কার (অনারারি অস্কার) পাচ্ছেন এই মার্কিন অভিনেত্রী। আজ রবিবার লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।
সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে ক্লোজ জানান, পুরস্কারের খবর পেয়ে তার প্রথম প্রতিক্রিয়া ছিল, তিনি কোনো সান্ত্বনা পুরস্কার চান না। তার মনে প্রশ্ন জেগেছিল, এই সম্মাননা গ্রহণ করলে অস্কার না জেতার রেকর্ডটি বদলে যাবে কি না।
গ্লেন ক্লোজের আটবারের অপেক্ষা
পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন ক্লোজ। ৪৩ বছর আগে, ১৯৮৩ সালে, নিজের প্রথম ছবি দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প দিয়েই প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। এরপর আরও সাতবার মনোনীত হলেও প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে।
সাক্ষাৎকারে একটি মজার ঘটনাও শুনিয়েছেন তিনি। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মাইকেল ডগলাসের সঙ্গে মঞ্চে পুরস্কার ঘোষণা করতে উঠেছিলেন ক্লোজ; দর্শকরা তখন হেসে উঠেছিলেন, কারণ ফ্যাটাল অ্যাট্রাকশন ছবিতে তার চরিত্র অ্যালেক্স ফরেস্ট দাবি করেছিল, সে ডগলাসের চরিত্রের সন্তানের মা হতে চলেছে। ডগলাস সম্প্রতি প্রকাশ্যেই বলেছেন, সেবার পুরস্কারটি ক্লোজেরই পাওয়া উচিত ছিল।
অনুষ্ঠানে কাস্টম আরমানির পোশাক পরে মেয়ে ও জামাইকে সঙ্গে নিয়ে হাজির হবেন ক্লোজ। পুরস্কারের জন্য কখনো অভিনয় করেননি বলে জানিয়েছেন তিনি। ৭৯ বছর বয়সেও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি: স্প্যানিশ ছবি লা বোলা নেগ্রা, অলস ফেয়ারের নতুন মৌসুম ও
হাঙ্গার গেমসের নতুন ছবিতে দেখা যাবে তাকে। অবসর সময়টা কাটান মন্টানার বোজম্যানে নিজের বাড়িতে।




