রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার রাতে এসআরইউ ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য এবং পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশীদ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাত সাড়ে ১০টায় পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের এএসপি আবুল কাশেম চৌধুরী।
এসপি জাহাঙ্গীর গ্রেফতারের কারণ কী
এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সাফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী তাকে তলব করে জিজ্ঞাসাবাদও করেছিলেন। প্রাথমিক তদন্তে তথ্য পাচারের প্রমাণ মিলেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন। ২০২৪ সালের আগস্ট আন্দোলনের সময় তিনি ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।




