শ্রম অসন্তোষ আর নিরাপত্তাহীনতায় দেশের তৈরি পোশাক খাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে ১৪৭টি কারখানা স্বাভাবিক উৎপাদনে নেই। এর মধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, বাকি ৯২টিতে শ্রমিক বিক্ষোভে উৎপাদন বন্ধ রয়েছে।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নিরাপত্তা ও উৎপাদনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হলে কারখানা খোলা রাখা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক না হলে আজ রবিবার থেকে যেসব কারখানায় উৎপাদন চালানো যাচ্ছে না, সেগুলো ১৩(১) ধারায় বন্ধ রাখা হবে।
সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসানসহ দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মালিকপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক নিজে কাজে যোগ না দিয়ে অন্যদেরও কাজে আসতে বাধা দিচ্ছেন। কোনো কোনো কারখানার সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে কর্মরত শ্রমিকদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।
কারখানা বন্ধের সিদ্ধান্তে যা বললেন মালিকরা
এদিকে নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকপক্ষের প্রস্তাব ইতিমধ্যে মজুরি বোর্ডে জমা পড়েছে। চারটি গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার থেকে ৪৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা।
আগামী সোমবার বিজয়নগরে শ্রম ভবনে বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দেবে। শ্রমিক প্রতিনিধিদের ভাষ্য, চার সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় ৪৫ থেকে ৬০ হাজার টাকা, ফলে প্রস্তাবিত মজুরি বাস্তবসম্মত।
দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে, আর এই খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান। ফলে চলমান অচলাবস্থা দীর্ঘ হলে রপ্তানি ও কর্মসংস্থান দুটোই বড় ধাক্কা খাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




