টালিউডের ‘মহাগুরু’ আর বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার পেলেন ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’। বাংলার অন্যতম জনপ্রিয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেটে তাঁর উপস্থিতিই ছিল সন্ধ্যার সবচেয়ে বড় চমক।
মঞ্চে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠানের মুখ্য সংগঠক অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের কাছ থেকে। ‘ফাটাকেষ্ট’খ্যাত এই তারকার সম্মাননায় উচ্ছ্বসিত ছিলেন উপস্থিত অতিথিরা।
মিঠুন চক্রবর্তীকে ঘিরে তারকাদের মিলনমেলা অনুষ্ঠানজুড়ে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, মিমি চক্রবর্তীসহ বাংলা সিনেমা জগতের অনেক বিশিষ্ট কলাকুশলী। একই সঙ্গে ৩০ থেকে ৩২ জন সেলিব্রিটি ভিনটেজ গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।
পায়েল মিঠাই সরকারের উপস্থাপনাও মুগ্ধ করেছে দর্শকদের, সুন্দর এই উদ্যোগের জন্য অতিথিরা তাঁকে সাধুবাদ জানান। আয়োজকেরা জানান, স্টার লাইট অনন্য সম্মানের সাফল্য এখন ছড়িয়ে পড়েছে সারা বাংলায়।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন মিঠুন চক্রবর্তী। পরিণত বয়সেও পর্দায় সক্রিয় এই অভিনেতার ঝুলিতে যুক্ত হলো আরও একটি সম্মাননা।




