ইউরোপ ও ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (৫ অক্টোবর) দেশে ফেরার উদ্দেশ্যে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি (ফিয়ামিসিনো) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান ইতালি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
এ সময় বিমানবন্দরে ইতালি বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। সফরকালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসী বিএনপির নেতাকর্মীদের দলীয় স্বার্থে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।
বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইতালি বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও বিদায় পর্ব শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করেন রুহুল কবির রিজভী।




