খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বিশেষ এক্সিট সুবিধার আওতায় এবার আরোপিত ও অনারোপিত দুই ধরনের সুদই মওকুফ করতে পারবে ব্যাংকগুলো। আয় খাতে নেওয়া সুদ মওকুফের সুযোগও রাখা হয়েছে, শিথিল করা হয়েছে তহবিল ব্যয় আদায় নিশ্চিত করার শর্তটিও।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর স্থগিত সুদ হিসাবে খেলাপি ঋণের বিপরীতে জমেছে প্রায় ১ লাখ কোটি টাকার অনারোপিত সুদ। ব্যাংকগুলো এই সুদ মওকুফ করলে দেশের মোট খেলাপি ঋণের হার ৩০ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমে আসতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন সুবিধার আওতায় খেলাপি ঋণগ্রহীতা শুধু ঋণের আসল টাকা এককালীন পরিশোধ করেই দায়মুক্ত হতে পারবেন, তাঁকে কোনো সুদ দিতে হবে না। তবে আসল বা মূল ঋণ মওকুফের কোনো সুযোগ রাখা হয়নি। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বিশেষ পুনঃতফসিল সুবিধা পাওয়া ঋণও এবার এই সুবিধার যোগ্য হবে।
খেলাপি ঋণ আদায়ে নতুন ছাড়ের শর্তগুলো
সার্কুলার জারির আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্যালেন্স শিটে খেলাপি ঋণের পরিমাণ কমাতে আসল ও সুদ মওকুফের দুটি বিকল্প নিয়েই আলোচনা হয়। তবে ব্যাংক কোম্পানি আইনের পরিপন্থী হওয়ায় আসল মওকুফের প্রস্তাবে আপত্তি জানায় ব্যাংকগুলো।
স্থগিত হিসাবে থাকা সুদ ব্যাংকের আয়ে যোগ হয়নি বলে সেই সুদ মওকুফের বিকল্পটি মেনে নিয়েছে ব্যাংকগুলো। তবে আরোপিত সুদ মওকুফের বিষয়টি প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা হবে, কারণ এতে চলতি বছর ব্যাংকগুলোর আয় সরাসরি কমে যাবে বলে জানিয়েছেন শীর্ষ নির্বাহীরা।
এই বিশেষ এক্সিট সুবিধা প্রথম চালু হয় গত ২৯ জুনের সার্কুলারে। সেখানে ৩০ জুন ২০২৬ ভিত্তি তারিখে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত ঋণ পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এককালীন নিষ্পত্তির সুযোগ দেওয়া হয়। স্বল্পমেয়াদি কৃষিঋণ ও সিএমএসএমই খাতের কুটির, মাইক্রো ও ক্ষুদ্র ঋণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনাও রয়েছে। সুবিধাটি কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে বৈঠকের আগে খেলাপি ঋণের হার কমিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের শেষে খেলাপি, পুনঃতফসিল করা ও অবলোপন করা ঋণ মিলিয়ে দেশের মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৮৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৬০ শতাংশ।




