আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের পথ নিশ্চিত করতে জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদার করবে বাংলাদেশ। শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা বলেন।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় নিয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে তিনি বলেন, এই রায় নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশের হাতে আরও শক্তিশালী আইনি ভিত্তি এনে দিয়েছে। রায়টিকে স্বাগত জানিয়ে তিনি একে ঐতিহাসিক বলে আখ্যা দেন।
প্রত্যাবাসন ত্বরান্বিত করার প্রশ্নে হুমায়ুন কবির বলেন, আগামীকালই ফেরত পাঠালে তা নিরাপদ হবে না। যেকোনো প্রত্যাবর্তন নির্ভর করবে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর, যাতে রোহিঙ্গারা নিরাপদে ঘরে ফিরে নতুন করে জীবন গড়তে পারে।
নিরাপদ প্রত্যাবর্তনের পথ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, গাম্বিয়া মামলার বাদী হিসেবে ক্ষতিপূরণের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিতে পারে। সে ক্ষেত্রে ক্ষতিপূরণ যেন ভুক্তভোগী রোহিঙ্গাদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে জাতিসংঘ ব্যবস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের মাধ্যমে কাজ করবে বাংলাদেশ। শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টায় প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয় বলেও জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, আর্থিক ক্ষতিপূরণ কখনোই হারানো প্রাণ কিংবা শোকসন্তপ্ত পরিবারগুলোর যন্ত্রণার সমান হতে পারে না। তবে বেঁচে থাকা সদস্যরা যাতে ফিরে গিয়ে জীবন পুনর্গঠন করতে পারেন, সেজন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে ও অন্যান্য সহায়ক পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, আইসিজের এই রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই এবং পক্ষগুলোর জন্য তা মানা আইনগতভাবে বাধ্যতামূলক। আদালতের ইতিহাসে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করার এটিই প্রথম রায়। বাংলাদেশ মামলাটির আনুষ্ঠানিক পক্ষ না হলেও পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে, মামলাটি দায়েরের জন্য গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী ও অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহিদুল করিম। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে মিয়ানমারের প্রতি রায়ের বাধ্যবাধকতা দ্রুত, সম্পূর্ণ ও কার্যকরভাবে পালনের আহ্বান জানায় বাংলাদেশ।




