নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও আমদানির বিকল্প উৎস বাড়াতে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার খুলল। রোববার সচিবালয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ও পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-পাকিস্তান নতুন সমঝোতায় যেসব পণ্য
সমঝোতা অনুযায়ী দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে সব ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি এবং ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিনসহ বিভিন্ন ধরনের ভোজ্যতেল। এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর ও সারসহ বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণও এই সহযোগিতার আওতায় থাকবে।
তবে সমঝোতা স্মারক সই মানেই এসব পণ্য আমদানি-রপ্তানির চূড়ান্ত চুক্তি হয়ে যাওয়া নয়। কোনো পক্ষ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে পণ্যের মান, পরিমাণ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে অপর পক্ষকে লিখিত প্রস্তাব দিতে হবে। পরে আলোচনা ও দরকষাকষির মাধ্যমে পণ্যভিত্তিক পৃথক চুক্তি করে সরবরাহের শর্ত চূড়ান্ত হবে।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এই সমঝোতার মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হবে। পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে; বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে পাকিস্তান প্রস্তুত। সমঝোতাটি সইয়ের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে, বাতিলের উদ্যোগ না নিলে আরও পাঁচ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।

