হাসি-ঠাট্টা আর বন্ধুত্বের গল্পে দর্শকদের দীর্ঘদিন মাতিয়ে রাখা ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের শেষ পর্বে এসে দর্শকদের চোখে পানি এনে দিল কাবিলার মায়ের মৃত্যুর দৃশ্য। পঞ্চম সিজনের শেষ পর্বগুলোতে দেখা গেছে, কাবিলার মা পলি চেয়ারম্যান মারা গেছেন। আকস্মিক সেই খবরে বন্ধুদের নিয়ে গ্রামে ফিরেছে কাবিলা। যে কাবিলাকে নিয়ে এত দিন হাসাহাসি করেছেন দর্শকেরা, তার এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না অনেকে।
কাবিলার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন গুলশান আরা আহমেদ। নোয়াখালীর একটি এলাকার চেয়ারম্যান পলি চেয়ারম্যানকে পর্দায় খুব একটা দেখা যেত না, মূলত ফোনের ওপাশ থেকে শোনা যেত তার কণ্ঠ। পরে কাবিলার সঙ্গে বন্ধুরা গ্রামে গেলে কয়েকটি পর্বে সরাসরি দেখা যায় তাকে। বাস্তবে গুলশান আরা আহমেদ ২০২৫ সালের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শেষ পর্বটি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে উৎসর্গ করা হয়েছে; পর্ব শেষে তার ছবিসহ বার্তা দিয়েছে ব্যাচেলর পয়েন্ট পরিবার।
কাবিলার মায়ের মৃত্যুতে আবেগপ্রবণ দর্শক
শেষ পর্বগুলোতে শুধু মায়ের মৃত্যু নয়, একের পর এক বিপর্যয় নেমে এসেছে হাসিখুশি কাবিলার জীবনে। ইভার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, রোকেয়ার সঙ্গে বিয়ে হয়নি, আর সম্পত্তির জন্য মামার হাতে নির্যাতিতও হতে হয়েছে তাকে। দর্শকদের কেউ কেউ মনে করছেন, চরিত্রটির এমন পরিণতি জীবনের কঠিন বাস্তবতাকেই সামনে এনেছে। এক দর্শকের ভাষ্য, মায়ের মৃত্যুর দৃশ্য দেখে নিজের মাকে হারানোর ভয় অনুভব করেছেন তিনি।
২০১৭ সালের নভেম্বরে যাত্রা শুরু করা ব্যাচেলর পয়েন্ট প্রায় নয় বছর ধরে দর্শকদের সঙ্গে ছিল। কাবিলা, নেহাল, পাশা ভাই, হাবু ভাইসহ চরিত্রগুলো অনেক দর্শকের কাছে হয়ে উঠেছিল পরিচিত বন্ধুদের মতো। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, সাবিলা নূর, মনিরা মিঠুসহ অনেকে। পঞ্চম সিজনের শেষ পর্বের মধ্য দিয়ে আপাতত শেষ হলো এই দীর্ঘ যাত্রা, তবে অনেক দর্শক আশায় আছেন নতুন গল্প নিয়ে আবার ফিরবে ব্যাচেলর পয়েন্ট।

