নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় পেট্রোল ঢেলে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুন জ্বলে উঠতেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। স্থানীয়দের ভাষ্য, মুখোশধারী দুই যুবক আগুন ধরিয়ে পালিয়ে যায়।
স্মৃতিস্তম্ভে আগুন নিয়ে যা জানা গেল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নাটোর সদর উপজেলা পরিষদের গেট থেকে টহলরত পুলিশ সদস্যরা মাদ্রাসা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ মোড়ে স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ফায়ার সার্ভিস খবর পেলেও ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই যুবক স্মৃতিস্তম্ভের গোড়ায় আগুন ধরিয়ে পালিয়ে যায়। টহলরত পুলিশ সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। কী ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন। উল্লেখ্য, সম্প্রতি নাটোরে বিএনপির এক নেত্রীর বাড়ির সামনের দোকানে ও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

