২০২৬-২৭ শিক্ষাবর্ষে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজসহ (এএফএমসি) সাতটি মেডিক্যাল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে কাল। রোববার দুপুর ১২টা থেকে আবেদন করা যাবে ২০২৭ সালের ৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সাতটি কলেজ হলো আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ, পাঁচটি আর্মি মেডিক্যাল কলেজ এবং চট্টগ্রামের নেভি মেডিক্যাল কলেজ। এবার এএফএমসির ২৯তম ব্যাচ, আর্মি মেডিক্যাল কলেজগুলোর ১৩তম ব্যাচ এবং নেভি মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ক্যাডেট হিসেবে নির্বাচিত করা হবে।
মেডিক্যাল কলেজে আবেদনের যোগ্যতা ও সময়সূচি
আবেদন করতে হবে afmc.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন ফি ১ হাজার টাকা, যা আবেদনের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। এ ফি অফেরতযোগ্য। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২০২৭ সালের ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। আবেদনের যোগ্যতা হিসেবে প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি উত্তীর্ণরা আবেদনের যোগ্য হবেন না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এইচএসসি উত্তীর্ণদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৩ নম্বর এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে। ক্যাডেটদের নির্ধারিত শারীরিক যোগ্যতায় ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। বেসরকারি আর্মি ও নেভি মেডিক্যাল কলেজে মেধাবী-অসচ্ছল কোটায় ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে।

