দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। ২০১১ সালে রা.ওয়ান সিনেমার চাম্মাক চাল্লো গানে তাঁদের রসায়ন মুগ্ধ করেছিল দর্শকদের। এবার শাহরুখের আসন্ন সিনেমা কিংয়ের নতুন গান ড্যাডি কুলে দেখা গেল এই জুটিকে।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করা হয় ড্যাডি কুলের কিং ভার্সন। মেটার হাউস অব ইনস্টাগ্রাম অনুষ্ঠানে উন্মোচন করা গানটি এখন Zee Music Company ও T-Series এর YouTube চ্যানেলে পাওয়া যাচ্ছে। গানটি মূলত ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের ১৯৭৬ সালের জনপ্রিয় ড্যাডি কুল গানের নতুন বলিউডি সংস্করণ।
ড্যাডি কুল নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া
গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল! শাহরুখ ও কারিনাকে আবার একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকের মতে, ইয়ে মেরা দিল থেকে চাম্মাক চাল্লো, আর এবার ড্যাডি কুল, এই জুটির রসায়ন কখনো পুরোনো হওয়ার নয়, এর মধ্যে রয়েছে আলাদা এক নস্টালজিয়া।
তবে গানটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। একাংশের অভিযোগ, নাচের ধাপ ও পরিবেশনায় নতুন কিছু নেই, একই ধরনের কোরিওগ্রাফি বারবার ব্যবহার করা হয়েছে। কেউ কেউ গানের কথা ও সুরের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠ অবশ্য প্রশংসা পেয়েছে।
ড্যাডি কুল (কিং ভার্সন) এর সংগীতায়োজন করেছেন শচীন-জিগার, হিন্দি কথা লিখেছেন কুমার, কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও এবং নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং সিনেমার এটি দ্বিতীয় গান, এর আগে প্রকাশিত হয়েছিল দীপিকা পাড়ুকোনের সঙ্গে তু মিল যায়ে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনার অ্যাকশনধর্মী সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি ও সুহানা খান। কারিনা এই ছবিতে বিশেষ উপস্থিতিতে রয়েছেন।

