দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জেই মোতায়েন রয়েছেন ৫৬ প্লাটুন বিজিবি সদস্য। এ ছাড়া আরও চার প্লাটুন সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ বিভাগ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এই মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েনের জেলাভিত্তিক হিসাব
জেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, কক্সবাজারে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় বিজিবি সদস্যরা নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চল অধ্যুষিত সাভার, আশুলিয়া ও গাজীপুরে উল্লেখযোগ্যসংখ্যক প্লাটুন রাখা হয়েছে।
এর আগে শুক্রবার ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য জানানো হয়েছিল। নতুন বিজ্ঞপ্তিতে ময়মনসিংহের ভালুকা যুক্ত হওয়ায় জেলার সংখ্যা বেড়ে সাত হয়েছে, আর মোট প্লাটুনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০।

