যুদ্ধ শেষ করতে ইরানের শীর্ষ নেতাদের হত্যার অভিযানের বিষয়টি আবার আলোচনায় এনেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে দিয়ে যুদ্ধের অবসান ঘটানোর এই বিকল্প নিয়ে প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতরে আলোচনা চলছে।
এক মার্কিন কর্মকর্তা ও আলোচনা সম্পর্কে অবগত আরেক ব্যক্তির বরাতে প্রতিবেদনটিতে বলা হয়, সম্ভাব্য প্রধান টার্গেট হতে পারেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। গত ফেব্রুয়ারিতে যুদ্ধের প্রথম দিনেই তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছিল। মোজতবা ওই হামলায় গুরুতর আহত হয়েছিলেন বলে ধারণা করা হয়, এরপর তিনি আর জনসমক্ষে আসেননি।
ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে দুই মত
পরিকল্পনার সমর্থকদের যুক্তি, শীর্ষ নেতাদের হত্যা করা গেলে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ শেষ করার পথ তৈরি হবে। একই সঙ্গে পরবর্তী নেতৃত্বের কাছে বার্তা যাবে, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় ইরানের নেতাদের খুঁজে বের করে হত্যা করতে পারে।
তবে প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতরের বিরোধীরা সতর্ক করেছেন, এ ধরনের হামলায় উল্টো ফল হতে পারে। বেঁচে যাওয়া নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিতে পারে, ভবিষ্যৎ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হতে পারে এবং মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বাড়তে পারে।
এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। প্রশাসনের এক কর্মকর্তা এনবিসিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ পুরোদমে বহাল থাকবে, প্রেসিডেন্টের হাতে অনেক বিকল্প আছে এবং ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র পেতে না পারে, সেই সিদ্ধান্তই তিনি নেবেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ এখন নয় মাসে পড়েছে। হুমকির মুখে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি ওয়াশিংটনের কাছে একটি সামরিক ঘাঁটিতে সরে গেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে ইরান বলেছে, তাদের সাতটি শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।

