বিলিয়নেরা গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা ঢাকায় পৌঁছেছেন। চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাবেন তিনি। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
ঢাকায় পা রেখেই ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া। তিনি জানিয়েছেন, নিরাপদে এই সুন্দর শহরে পৌঁছে তিনি ভীষণ আনন্দিত, ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা সইছে না তাঁর। এর আগে এক ভিডিও বার্তায়ও তিনি বলেছিলেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইতে তিনি মুখিয়ে আছেন।
ওটিলিয়ার কনসার্ট ঘিরে যত আয়োজন
আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা শীর্ষক কনসার্ট। আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ। দর্শকদের জন্য গেট খুলবে বেলা ৩টায়।
এবারের আয়োজনের বাড়তি চমক ফুয়াদ আল মুক্তাদির। ওটিলিয়ার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন তিনি ও তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ফুয়াদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক পপের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধনে জমকালো এক সন্ধ্যা অপেক্ষা করছে বলে আশা করা হচ্ছে।

রোমানিয়ার সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা পপ ও ডান্সধর্মী গানের জন্য পরিচিত। ২০১৪ সালে প্রকাশিত তাঁর বিলিয়নেরা গানটি তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। আকর্ষণীয় সুর আর নাচের ছন্দের এই গান ইউরোপের বাইরেও বহু দেশের শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়, দীর্ঘ সময় ধরে আলোচনায় থাকে।
এর আগে ২০২২ সালে প্রথমবার ঢাকায় এসে পারফর্ম করেছিলেন ওটিলিয়া। সে সময় লাল শাড়ি পরে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। চার বছর পর তাঁর এই ফেরা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

কনসার্টের অগ্রিম টিকিট মিলছে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে। জেনারেল টিকিটের দাম ২ হাজার ৬০০ টাকা, বিলিয়নেরা জোন ৪ হাজার ১৬০ টাকা আর ভিআইপি টিকিট ১০ হাজার ৩৫০ টাকা।
আয়োজক ইমেকার্স বাংলাদেশের আগের আয়োজনের মধ্যে রয়েছে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকাসহ বেশ কয়েকটি আলোচিত কনসার্ট। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও আন্তর্জাতিক মানের আয়োজন উপহার দিতে চায় প্রতিষ্ঠানটি।

