BRS TIMES
বিশ্বে প্রথম মিক্সড জেন্ডার টি-টোয়েন্টি লিগ আনছেন জহির খান
খেলাধূলাপ্রচ্ছদ

বিশ্বে প্রথম মিক্সড জেন্ডার টি-টোয়েন্টি লিগ আনছেন জহির খান

বিশ্বে প্রথমবারের মতো মিক্সড জেন্ডার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আসছে, যেখানে একই দলের একই একাদশে খেলবেন নারী ও পুরুষ ক্রিকেটাররা। লিগটির নাম ইকুয়াল। ভারতের সাবেক পেসার জহির খানের কোম্পানি অ্যাঙ্কর স্পোর্টস এবি ও জার্মান ক্রিকেট ফেডারেশন যৌথভাবে এই লিগ আয়োজন করছে।

বুধবার নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে লিগটির ঘোষণা দেওয়া হয়। প্রথম আসর বসবে ২০২৭ সালের আগস্টে জার্মানিতে। এতে অংশ নেবে পাঁচটি দল, মোট ম্যাচ হবে ১২টি। প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ১৮ জন ক্রিকেটার।

মিক্সড জেন্ডার টি-টোয়েন্টি লিগের ফরম্যাট যেমন

লিগের সবচেয়ে বড় বিশেষত্ব একাদশের গঠনে। প্রতিটি ম্যাচের একাদশে থাকতে হবে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ ক্রিকেটারকে, অর্থাৎ মাঠের দলে নারীরাই থাকবেন সংখ্যাগরিষ্ঠ। আলাদা পুরুষ ও নারী সংস্করণের বদলে থাকবে একটি প্রতিযোগিতা, একটি স্কোরবোর্ড আর একজন চ্যাম্পিয়ন।

টি-টোয়েন্টি ক্রিকেটের মূল নিয়মকানুনই থাকছে এই লিগে। তবে প্রতিযোগিতামূলক ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সুনির্দিষ্ট খেলার আইন, খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা ও বদলি খেলোয়াড়ের প্রোটোকল যোগ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

২০১১ বিশ্বকাপজয়ী জহির খান বলেছেন, ক্রিকেটের শক্তি হলো মানুষকে একত্রিত করা। ইউরোপের মতো উদীয়মান বাজারে ক্রিকেটের প্রবৃদ্ধি নির্ভর করবে খেলাটিকে কতটা বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় তার ওপর। তাঁর মতে, ইকুয়ালের মতো উদ্যোগ সেই পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সব লিঙ্গের মানুষকে খেলায় অংশ নেওয়ার সুযোগ দেবে।

স্টকহোমভিত্তিক অ্যাঙ্কর স্পোর্টস এবির সহমালিক জহির খান ও প্রযুক্তি উদ্যোক্তা নগেন্দ্র সিদ্দৌতম। লিগটির মাধ্যমে ইউরোপে ক্রিকেটের বিকাশে অংশগ্রহণ, প্রতিভা অন্বেষণ ও ভক্ত সম্পৃক্ততার নতুন পথ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

Related posts

চট্টগ্রামে এক দিনে ৯ জনের শরীরে করোনা শনাক্ত

brs@admin

লালমোহনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইন ইউএনও’র মতবিনিময় সভা

News Desk

ইরানে ‘সরকার পরিবর্তনের’ বিষয়ে ট্রাম্প হয়তো ‘মজা করছেন’: সাবেক মার্কিন দূত

brs@admin

ভোলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

News Desk

ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষার আভাস

brs@admin

শিক্ষার্থীদেরকে যৌনকর্মী আখ্যা, রাবির ছাত্রদল নেতা বহিষ্কার

News Desk