গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, এই ঘটনা সরকারের দেউলিয়াত্বের দৃষ্টান্ত। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বুধবার সকালে গুলশান থানার এক উপপরিদর্শক গ্রেফতারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের গুলশানের বাসায় হাজির হন। সে সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন তিনি। মাহমুদুর রহমান পুলিশ কর্মকর্তাকে বলেন, সভা শেষে বঙ্গভবন থেকে তাঁকে গ্রেফতার করা হোক।
মাহমুদুর রহমানের বাসায় পুলিশ যাওয়ার নেপথ্যে
পরোয়ানাটি শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে করা একটি মামলার। ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল।
মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে। মওদুদ আহমদ ২০২১ সালে মারা গেছেন।
অথচ মামলাটির কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ করা হয়, মামলার পরবর্তী শুনানি আগামী বছরের ২৭ জানুয়ারি। তার পরও ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি হওয়া পুরোনো পরোয়ানা তামিল করতে পুলিশ তাঁর বাসায় যায়।
আমার দেশের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সাল থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের করা শতাধিক মামলার মুখোমুখি হয়েছেন মাহমুদুর রহমান। রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহারের তথ্য আইনমন্ত্রী সংসদে জানালেও মাহমুদুর রহমানসহ আমার দেশের সাংবাদিকদের মামলাগুলো এখনো চলমান রয়েছে।
এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, মাহমুদুর রহমানের বাসায় কেন পুলিশ গিয়েছে, সে বিষয়ে খোঁজ নিয়ে জানতে হবে।

