অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের কড়া জবাবে হতাশা প্রকাশ করেছেন সাবেক ওপেনার উসমান খাজা। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী সাবর-এ ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে খাজার দাবি নাকচ করে কামিন্স দীর্ঘ সংবাদ সম্মেলন করেন। বুধবার দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে খাজা বলেন, কামিন্স এভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন, তা তিনি কখনো আশা করেননি।
খাজার আত্মজীবনীর দাবি, কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনার কথা শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট জানতেন, এমনটা নয়; পুরো দলেরই এ বিষয়ে ধারণা ছিল। জবাবে কামিন্স ৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে দাবিটিকে সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দেন এবং খাজার বিরুদ্ধে সতীর্থদের সুনাম ও ক্যারিয়ার নিয়ে হেলাফেলা করার অভিযোগ তোলেন।
হতাশ খাজার পাল্টা বক্তব্য
খাজা জানান, সংবাদ সম্মেলনের কয়েক দিন আগেই তিনি কামিন্সকে মেসেজ করে মাঝামাঝি কোনো অবস্থানে আসার অনুরোধ করেছিলেন, যাতে বিষয়টি প্রকাশ্যে বিভেদ তৈরি না করে। সেই মাঝামাঝি অবস্থান না হওয়ায় তিনি বিস্মিত ও কষ্ট পেয়েছেন। পাশাপাশি পাশে বসে স্ত্রী র্যাচেল বারবার তাঁর খোঁজ নিচ্ছিলেন বলেও জানান তিনি।
তবে খাজা স্পষ্ট করেছেন, এই বিতর্ক কামিন্সের অধিনায়কত্ব নিয়ে নয়। কামিন্সকে তিনি মানুষ ও নেতা হিসেবে সবসময় ভালোবাসেন এবং কামিন্সের অধিনায়ক থাকাটাকেই তিনি সমর্থন করেন। তাঁর মতে, আসল দায় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার যেকোনো মূল্যে জয়ের সংস্কৃতির; তখন কামিন্সের বয়স ছিল মাত্র ২৪ বছর।
খাজা ২০২১ সালে বোলারদের দেওয়া যৌথ বিবৃতিরও সমালোচনা করেন, যেখানে বোলিং আক্রমণের সদস্যরা বল টেম্পারিংয়ের আগাম ধারণা অস্বীকার করেছিলেন। তাঁর মতে, ওই বিবৃতি দলের ভেতরে বিভেদ তৈরি করেছিল। কেপটাউনের ওই ঘটনায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নিষেধাজ্ঞা পেয়েছিলেন, আর ঘটনাটি স্যান্ডপেপারগেট নামে পরিচিত।

