ক্রিকেটের সবচেয়ে প্রাচীন সংস্করণ টেস্টেও আসতে পারে ফ্রি হিটের নিয়ম। এত দিন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চালু থাকা এই নিয়ম টেস্ট ক্রিকেটে যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
এমসিসির হেড অব ক্রিকেট ফ্রেজার স্টুয়ার্ট জানিয়েছেন, টেস্টে ফ্রি হিট চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফ্রি হিট এখনো ক্রিকেটের মূল আইনের অংশ নয়, নির্দিষ্ট সংস্করণের খেলার নিয়মের মাধ্যমে এটি কার্যকর করা হয় বলেও জানান তিনি।
ফ্রি হিট নিয়ে এমসিসির ভাবনা
বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে বোলার সামনের পায়ের নো বল করলে পরের বলটি ফ্রি হিট হিসেবে গণ্য হয়। এই বলে রান আউট ছাড়া ব্যাটারকে সাধারণত আউট করা যায় না, ফলে ব্যাটাররা বাড়তি ঝুঁকি নিয়ে বড় শট খেলার সুযোগ পান। টেস্ট ক্রিকেটে নো বলের জন্য অতিরিক্ত রান দেওয়া হলেও ফ্রি হিটের কোনো বিধান নেই।
টেস্টে ফ্রি হিট চালু হলে ব্যাটার ও বোলারের লড়াইয়ে নতুন মাত্রা যোগ হতে পারে। গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি নো বল বদলে দিতে পারে ম্যাচের পরিস্থিতি। ফ্রি হিটে বড় শট খেলে ব্যাটার যেমন চাপ কাটিয়ে উঠতে পারবেন, তেমনি বোলারদেরও বল করার সময় আরও সতর্ক থাকতে হবে।
শুধু ফ্রি হিট নয়, ক্যাচ আউটের পর কোন ব্যাটার পরের বল খেলবেন, সেই নিয়মেও পরিবর্তন আসতে পারে। বর্তমান নিয়মে ক্যাচ সম্পন্ন হওয়ার আগে দুই ব্যাটার প্রান্ত বদল করলেও নতুন ব্যাটারকেই পরের বল মোকাবিলা করতে হয়। পুরোনো নিয়মটি ফিরিয়ে আনতে কয়েকটি ক্রিকেট বোর্ড এমসিসির কাছে অনুরোধ জানিয়েছে, সেই প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।
তবে সম্ভাব্য পরিবর্তনগুলো কবে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। শেষ পর্যন্ত প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে এমসিসির পরবর্তী সিদ্ধান্তের ওপর।

