আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। নাশকতা ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো বার্তায় মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির টহল যেসব জেলায়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সহিংসতা মোকাবিলায় তারা মাঠে কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে টহলের পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটেছে। এর আগে গতকালও আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় আজ মোতায়েন আরও বাড়ানো হলো।




