উপমহাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্ম নেওয়া এই শিল্পী পা দিলেন ৭৪ বছরে। প্রত্যাখ্যান আর সংগ্রাম পেরিয়ে ছয় দশকের ক্যারিয়ারে তিনি জয় করেছেন গোটা উপমহাদেশের শ্রোতার মন।
শৈশব কেটেছে পাকিস্তানে। মাত্র ১২ বছর বয়সে উর্দু ছবি জুগনুতে প্লেব্যাক দিয়ে শুরু হয় তাঁর যাত্রা। পরে পাকিস্তানের সংগীতাঙ্গনে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। স্বাধীনতার পর ১৯৭৪ সালে বাংলাদেশে ফিরে আসেন রুনা লায়লা; দেশে ফিরেও শুরুতে প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
সব বাধা পেরিয়ে তাঁর কণ্ঠ পৌঁছে যায় বিশ্বজুড়ে। বাংলা, হিন্দি, উর্দুসহ মোট ১৮টি ভাষায় গান গেয়েছেন তিনি, গানের সংখ্যা ১০ হাজারের বেশি। দমা দম মাস্ত কালান্দার গানটি তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি।
রুনা লায়লার ছয় দশকের যাত্রা
নিসার বাজমির সুরে মাত্র তিন দিনে ৩০টি গান রেকর্ড করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান রুনা লায়লা। ১৯৮২ সালে বাপ্পী লাহিড়ীর সুরে তাঁর সুপার রুনা অ্যালবাম মুক্তির প্রথম দিনেই বিক্রি হয় এক লাখের বেশি কপি।
সম্মাননার ঝুলিও ভরপুর তাঁর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার ‐ সাতবার সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে, একবার সেরা সংগীত পরিচালক হিসেবে। ১৯৭৭ সালে পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক। পাকিস্তান থেকে নিগার পুরস্কার আর ভারত থেকে সায়গল পুরস্কারসহ দেশ-বিদেশের প্রায় তিন শ পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
জন্মদিনের পরদিনই আরও এক সম্মাননা পাচ্ছেন এই কিংবদন্তি। আগামীকাল ১৮ নভেম্বর শিল্পকলা একাডেমিতে বশির আহমেদ সম্মাননা অনুষ্ঠানে তাঁকে দেওয়া হবে আজীবন সম্মাননা।




