উপমহাদেশের রাজনীতির কিংবদন্তি, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে ভোর থেকে শ্রদ্ধা জানাতে নেমেছে ভক্ত-অনুসারী ও সর্বস্তরের মানুষের ঢল। সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর ভাসানীর পরিবারের সদস্য, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ভক্ত-অনুসারীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া করেন। এ উপলক্ষে আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের পাশাপাশি এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অমলিন ভাসানীর জীবন ও সংগ্রাম
মাজার প্রাঙ্গণে চলছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা; মেলাকে কেন্দ্র করে সন্তোষ এলাকায় মানুষের সমাগম বেড়েছে। ভক্ত-অনুসারীরা যুগ যুগ জিও তুমি, মাওলানা ভাসানী স্লোগানে মুখর করে রেখেছেন মাজার প্রাঙ্গণ।
মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি গঠন করেছে মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি; আহ্বায়ক দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সদস্য সচিব প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম নেন আবদুল হামিদ খান ভাসানী। আসামের ভাসানচরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি পান ভাসানী উপাধি। কৃষক-শ্রমিকের অধিকার, শোষণমুক্ত সমাজ, গণতন্ত্র ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে সারা জীবন আপসহীন ছিলেন তিনি।
১৯৫৭ সালের কাগমারী সম্মেলন আর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম মাইলফলক। মৃত্যুর অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও গণমানুষের অধিকারের প্রশ্নে ভাসানীর জীবন ও সংগ্রাম আজও প্রাসঙ্গিক।

