খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতার মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা আবদুল জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
পুলিশ জানায়, রাতে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের পাশে থামেন। জাকির হোসেন তখন ওই দোকানে বসা ছিলেন। দুজনের একজন দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথায় গুলি করেন। এরপর দুজনই মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার কারণ খুঁজে বের করা এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




