কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়।
মার্কিন ড্রোন: আগেও এমন দাবি
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে ড্রোনটিকে আগ্রাসী মার্কিন শত্রুর বিমান হিসেবে উল্লেখ করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সন্ত্রাসী বাহিনী বলেও আখ্যা দিয়েছে দেশটি।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কেশম ইরানের সবচেয়ে বড় দ্বীপ। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এই দ্বীপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথের কাছে অবস্থিত। এই প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে কেশম দ্বীপ ও এর আশপাশের জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আগেও একাধিকবার করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।




