শরীয়তপুর-চাঁদপুর নৌপথে পদ্মা নদীতে ফেরির সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আরও এক শিশু আহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের দিকে আসছিল। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে ফেরিটি বেড়াচাক্কি চ্যানেলে ঢোকার সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় ফেরিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। তখন ১১ বছর বয়সী এক শিশুর মাথা ফেরিতে থাকা একটি বাসের বডিতে লেগে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় আরও এক শিশু।
মৃত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিশুটিকে স্পিডবোটে করে চাঁদপুরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে চালক পালিয়ে যান। বাল্কহেড ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা করছে নৌ পুলিশ।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।




