সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে জাতীয় সংসদে বৃহস্পতিবার দফায় দফায় হট্টগোল হয়েছে। বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাতের গ্রামের বাড়িতে আগুন লাগে। পরদিন সংসদে বিষয়টি নিয়ে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্যের সময় বিরোধী দলের হট্টগোলে তাঁকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।
নাহিদ ইসলামের দাবি, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা ছুড়ে আগুন লাগানো হয়েছে। বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, সংসদ সদস্য ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’
নাহিদ বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু ওনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ভিন্ন কথা বলেন। বিজিবির প্রাথমিক প্রতিবেদনে পেট্রলবোমা বিস্ফোরণের শব্দ, দেয়ালে চিহ্ন বা সাক্ষ্যের কথা-কিছুই পাওয়া যায়নি। পুরোনো বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং দুর্বল ছিল, তাই শর্টসার্কিটের সম্ভাবনাই বেশি।
তবে এটি অনুমাননির্ভর; নাশকতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি, ফায়ার ব্রিগেড, প্রশাসন ও পুলিশ যৌথ তদন্ত করবে।
মন্ত্রী জানান, আগুন লাগা ঘরটি টিনশেডের আধা পাকা, সেখানে কেউ থাকতেন না। ২০ মিটার দূরে নুসরাতের বাবা-মা তিনতলা বাড়িতে থাকেন। ঘরে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল। জিডি হয়েছে, পুলিশ তদন্ত করছে।
নাহিদের দ্বিতীয় দফার বক্তব্য
প্রশ্নোত্তর পর্ব শেষে নাহিদ ইসলাম আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান। তিনি বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইরে থেকে কিছু নিক্ষেপ করার পর দপ করে পুরো বাড়িতে আগুন ধরে যায়। তাঁর দাবি, বাড়িটি পরিত্যক্ত ছিল না, ঘটনার রাতেও সেখানে মানুষ ছিলেন। নুসরাত কয়েক দিন ধরে ফোনে হুমকি পাচ্ছিলেন, জিডিও করেছেন বলে জানান নাহিদ।
তাঁর অভিযোগ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, অথচ মন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন। তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এ ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। কালকে রাত্রে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তাহলে তদন্ত কি শেষ হয়ে গেল?’ এ কথায় বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। মন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শোনেন খুশি হব।’
পরে তিনি আবারও চিহ্ন না থাকার কথা তুললে বিরোধী দল ফের হইচই করে। একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।
ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীকে বক্তব্য চালিয়ে যেতে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। ওনাকে বক্তব্যদানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই উচিত না।’ তবু হট্টগোল থামেনি; একপর্যায়ে বক্তব্য দিতে না পেরে বসে যান তিনি। এ সময় এনসিপির আবদুল হান্নান মাসউদ, মাহমুদা আলম মিতুসহ অনেকে দাঁড়িয়ে মাইক ছাড়া কথা বলতে থাকেন।
পরে আবার বক্তব্য শুরু করে মন্ত্রী ছাগলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘এই বাড়িতে দুইটা ছাগল থাকত। এবং ছাগল গুলোর -এ কথায় বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন।
শেষে মন্ত্রী স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘কোথাও পেট্রলবোমা যদি নিক্ষেপ করা হয়, সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা স্বাধীন তদন্ত করেন।
নাশকতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে, দুর্ঘটনা হলে প্রতিবেদনে তা বলা যাবে বলে জানান তিনি। তদন্ত চলছে জানিয়ে অপেক্ষার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদের দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে, সেটাও ফাইন্ড আউট হবে।




