পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের ‘সমন্বয় পরিষদ নির্বাচন-২০২৬’-এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ রিয়াজ উদ্দিন রানা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর, ২০২৬) বিকেল ৩টায় নির্বাচন কমিশনার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী মনোনয়নপত্রে উল্লেখিত ১০টি পদের বিপরীতে একক প্রার্থী থাকায় এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মোহাম্মদ এনায়েত কবির খান, এনামুল কবির কামাল ও মিসেস হাসনেয়ারা হক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে সুপতি হালদার এবং কোষাধ্যক্ষ পদে মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে আবুল হাসান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোঃ মাসউদ হোসেন এবং নির্বাহী সদস্য পদে মোঃ মাহাবুব আলী নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর মধ্যপাড়া এলাকার আব্দুল জলিল শেখের সন্তান। নতুন এই কমিটি আগামী দিনে পিরোজপুরের শহর সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




