BRS TIMES
পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না জামাল
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না জামালরা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পরও স্বস্তিতে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর আনন্দ তাঁর মনে নেই, কারণ শনিবার অপেক্ষা করছে আরও কঠিন প্রতিপক্ষ পাকিস্তান – জামালের মতে, শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।

আজ সকালে কিংস অ্যারেনায় অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল বলেন, এখন পুরো মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকেই। তাঁর ভাষায়, ‘আমার মনে হয়, শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল। তাই এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচের দিকে।

গতকালের ম্যাচে চারবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে বাংলাদেশ, নিজেরা একটিও গোল হজম করেনি। এই পারফরম্যান্সে খুশি অধিনায়ক। জামালের কথায়, ‘আমরা চারটি গোল করেছি, এটা অবশ্যই ভালো দিক। পাশাপাশি আবারও গোল হজম না করে ম্যাচ শেষ করেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি।

দুই দলের আগের দেখাগুলোর রেকর্ড অবশ্য বাংলাদেশের পক্ষে কথা বলছে। মোট ১৭ বারের লড়াইয়ে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তান জিতেছে ৫টি, আর বাকি ৫টি ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি।

কিন্তু শিরোপা জয়ের তালিকায় পাকিস্তানের নাম এখনো ওঠেনি। বাংলাদেশের ঝুলিতে আছে একটিই শিরোপা – ২০০৩ সালে, ঘরের মাঠে জেতা। দীর্ঘ ২৩ বছর পর সেই সাফল্য আবার নিজেদের দেশে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে দল।

সেই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন খেলোয়াড়দের ফিট রাখা। মাত্র দুই দিনের ব্যবধানে আরেকটি বড় ম্যাচ, তাই স্কোয়াডের সবাইকে তৈরি থাকতে হবে বলে মনে করেন জামাল। তিনি বলেন, ‘আমাদের পুরো দলকেই প্রয়োজন। গতকাল ম্যাচ খেলেছি, আবার দুই দিন পরই আরেকটি ম্যাচ। তাই পুরো দলকে প্রস্তুত রাখা জরুরি।

ইতিমধ্যে চোটে সাফ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর জায়গায় অন্য কাউকে নামাতে হবে বলে জানালেন অধিনায়ক। জামালের ভাষায়, ‘সাদ চোট পেয়েছে। অবশ্যই তার জায়গায় বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয়ও সেন্টারব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডকেই দরকার।

শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর গোলটা জামালের মনে দাগ কেটেছে। কিন্তু তরুণ এই ফরোয়ার্ডকে কারও সঙ্গে মেলাতে চান না অধিনায়ক তিনি চান, ফারহান নিজের নামেই পরিচিত হোক। জামাল বলেন, ‘আমি চাই, ফারহান নিজের নামেই পরিচিত হোক। এটা ফারহান আলীর গোল, অন্য কারও নয়।

হামজা চৌধুরীর খেলা আর নেতৃত্ব দেখে খুব খুশি জামাল। দলের সেরা খেলোয়াড় হিসেবে হামজাকেই দেখেন তিনি। জামালের কথায়, ‘হামজা দলের সেরা খেলোয়াড়। ওর জন্য আমি সত্যিই খুব খুশি।

আগামী ১৪ নভেম্বর, শনিবার হবে সাফের দুই সেমিফাইনাল। দিনের প্রথম ম্যাচে বেলা তিনটায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। আর রাত সাড়ে আটটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Related posts

রাজনীতিতে নামছেন ধানুশ? ফ্যান ক্লাবের নতুন রূপে জল্পনা

rahman himel

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা

News Desk

মেট্রোরেলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ

News Desk

আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জুলাইবিপ্লব নস্যাতের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী উক্তি

News Desk

যেসব স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

News Desk

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জশিট চলতি মাসেই

brs@admin