তামিল সুপারস্টার ধানুশ কি রাজনীতিতে নামছেন? তাঁর ফ্যান ক্লাবের সাম্প্রতিক রূপবদল ঘিরে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে শুরয় হয়েছে এমনই জল্পনা। যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা নিজে।
গত ১৪ অক্টোবর কোয়েম্বাটুরে এক বৈঠকে ধানুশের ফ্যান সংগঠনের নাম বদলে রাখা হয় ‘ধানুশ নারপানি ইয়াক্কম’, যার অর্থ দাঁড়ায় ধানুশ কল্যাণ আন্দোলন। উন্মোচন করা হয় লাল তারা চিহ্নের নতুন লোগোও। তামিল রাজনীতিতে ‘আন্দোলন’ শব্দটির আলাদা ওজন থাকায় এখান থেকেই জল্পনার শুরু।
জল্পনা আরও বাড়ে ২৫ অক্টোবর। চেন্নাইয়ের উপকণ্ঠে সংগঠনের নারী সদস্যদের নিয়ে বড় সমাবেশ করেন ধানুশ, যেখানে যোগ দেন প্রায় তিন হাজার নারী। দীপাবলির উপহার হিসেবে প্রত্যেককে রুপার প্রদীপ দেন তিনি। সেই প্রদীপে পদ্মের নকশা থাকায় প্রতিদ্বন্দ্বীরা এতে বিজেপির প্রতীকের ইঙ্গিত খুঁজে পান।
ধানুশের রাজনীতিতে আসা নিয়ে যা বলছে দলগুলো
কংগ্রেস নেতা মানিকম ঠাকুরের অভিযোগ, এই রূপবদলের পেছনে রয়েছে বিজেপি-আরএসএসের কৌশল। অন্যদিকে ডিএমকে নেতা এস রেগুপতি বলেছেন, গণতান্ত্রিক দেশে যে কারও রাজনীতিতে আসার অধিকার আছে, বিজয় পারলে ধানুশ কেন নয়। এআইএডিএমকে আবার তাকে দলে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা রাজনীতিতে আসার প্রশ্ন করলে ধানুশ শুধু দীপাবলির শুভেচ্ছা জানিয়ে গাড়িতে উঠে যান, কোনো উত্তর দেননি। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
প্রসঙ্গত, ভক্ত সংগঠনকে আন্দোলনে রূপ দিয়ে দল গড়ার পথে হেঁটেই এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন অভিনেতা বিজয়। ধানুশও সেই একই পথে হাঁটছেন কি না, সেটাই এখন দেখার বিষয়।




