জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দের দাবিও জানান।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়, যা তাদের ঋণ বাড়িয়ে দেয়।’ এসব দেশের জন্য নির্ভরযোগ্য অর্থ সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কাজে জোরালো সমর্থন নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সম্মুখসারির দেশ, অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জের মধ্যেও এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় সরকার। শিল্পায়ন ও উন্নয়ন কাজে প্রকৃতিকে রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য ধরে রাখার ওপর জোর দেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের লক্ষ্য
জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার সহায়তায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও উৎসাহিত করা হচ্ছে।
সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে বলে জানান তিনি। বৈদ্যুতিক যানবাহনের প্রসার ও পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে – জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ জলের স্তর বাড়াতে। উপকূলের পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ ফেরানোর কাজও চলছে।
বর্তমান জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী – এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় বোঝা, আর ঋণ পরিশোধের চাপ ও সীমিত সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করছে।
পাঁচ দফা প্রস্তাব
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশেপর অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করতে হবে, পাশাপাশি নির্গমন কমানোর প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে। দ্বিতীয়ত, জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আর পঞ্চমত, কপ-৩১-এ ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
নারী ও তরুণের অংশগ্রহণ
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে। ভাষণের শেষে তিনি বলেন, ‘আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।




