বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেবল মুখস্থবিদ্যার মাধ্যমে পরীক্ষায় পাস কিংবা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুখস্থবিদ্যায় নয়, বিবেকেই প্রকৃত শিক্ষা
প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালিয়ে দেয় বলেও মন্তব্য করেন রিজভী।
নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ভিশন তৈরি করে। এই ভিশন হলো দেখার এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা দেয়।
চাকরি ও আর্থিক উপার্জনের জন্য ডিগ্রির প্রয়োজন আছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার সঙ্গে মানসিক উৎকর্ষ, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয় প্রয়োজন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাদেরও পাঁচ দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল। তখন বিভিন্ন বিভাগের শিক্ষকরা ক্লাস নেওয়ার পাশাপাশি বক্তৃতাও দিতেন, যা ছিল অত্যন্ত আনন্দময়।
দার্শনিক মাওলানা জালাল উদ্দিন রুমির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা আছে। ডানা থাকলেই তো হয় না, উড়তে শিখতে হয়। ওই ডানা ছড়িয়ে উড়তে গিয়ে কখনো ভেঙে পড়তে হয়, কখনো আবার নতুন করে তৈরি হতে হয়। এই শিক্ষা শুধু পরীক্ষার সনদ বা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি কে এম মোজাফফর হোসেন খোকা ও সাধারণ সম্পাদক মো. সোহেল রহমান।




