যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সোমবার ট্রাম্প প্রশাসনের জরুরি আবেদন খারিজ করে দিয়েছে। ক্যালিফোর্নিয়ায় প্রায় ২০ হাজার মেইল-ইন ব্যালট বাতিলের দাবি জানিয়েছিল বিচার বিভাগ, যেসব ভোটারকে সম্ভাব্য অনাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
কোনো স্বাক্ষর ছাড়া এক বাক্যের সংক্ষিপ্ত আদেশে আবেদনটি খারিজ করেন বিচারপতিরা, ভিন্নমতও নথিভুক্ত হয়নি। এমনকি ক্যালিফোর্নিয়া রাজ্যকে জবাব দিতেও বলা হয়নি। এর আগে জেলা বিচারক ডেভিড ও. কার্টার এবং নবম সার্কিট আপিল আদালতও প্রশাসনের দাবি নাকচ করেছিল।
মঙ্গলবারই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ। কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে, তা নির্ধারণ হবে এই ভোটে। ফলে শেষ মুহূর্তের এই রায়কে ট্রাম্প শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
জরিপে ৮ পয়েন্টে পিছিয়ে রিপাবলিকানরা
রয়টার্স ও ইপসসের সর্বশেষ জরিপেও পিছিয়ে রিপাবলিকানরা। ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৭৬৫ জন প্রাপ্তবয়স্কের ওপর চালানো জরিপে কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন ৪৬ শতাংশ, রিপাবলিকানদের ৩৮ শতাংশ। ট্রাম্পের কাজের প্রতি সমর্থন নেমে এসেছে ৩২ শতাংশে।
রায়কে স্বাগত জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি বলেছেন, গণতন্ত্রের জয় হয়েছে।




