কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকায় মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামছুর রহমান টিপু (৬২) ও তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাব (৩২)।
শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর ছেলে শিহাব বসুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাবা ও ছেলে নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
গ্রেপ্তারের পর বাবা ও ছেলেকে কোম্পানীগঞ্জ থানায় নেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।




