BRS TIMES
সাংবাদিক হয়রানির অভিযোগে ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ
প্রচ্ছদবিনোদনশিরোনাম

সাংবাদিক হয়রানির অভিযোগে ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে তাঁকে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশটি পাঠানো হয়েছে শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায়।

পরীমণিকে ৭ দিনের সময় দিলেন আইনজীবী

নোটিশে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। সেদিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

সাংবাদিক হয়রানির অভিযোগে ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ
পরীমণি। (ছবি: সংগৃহীত)

নোটিশের অভিযোগ, সেই সময় পরীমণি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেন। তাঁর নিরাপত্তারক্ষীরা ওই সাংবাদিকের ভিডিও ট্রাইপড ভেঙে ফেলেন। ওই ধাক্কাধাক্কিতে আরও কয়েকজন সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হন। পরে আদালত থেকে বের হয়ে পরীমণি ওই সাংবাদিককে অশ্লীল ভাষায় গালাগালি ও হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, গত ৬ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে আপত্তিকর বক্তব্যসহ একটি পোস্ট করেন পরীমণি। এ ঘটনাকেও জাতীয় সংগীত অবমাননা হিসেবে উল্লেখ করা হয়েছে নোটিশে।

নোটিশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে পরীমণির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতেও বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক হয়রানির অভিযোগে ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ
পরীমণি। (ছবি: সংগৃহীত)

ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অঙ্গভঙ্গি ও অশ্লীল অভিনয় থেকে সম্পূর্ণ বিরত থাকতেও বলা হয়েছে পরীমণিকে।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, একজন পেশাদার সাংবাদিকের প্রতি এমন আচরণ পেশাগত মর্যাদার ওপর আঘাত এবং স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সংবিধানের ৪(১) অনুচ্ছেদ ও ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশের বিধানও উল্লেখ করা হয়েছে নোটিশে।

Related posts

মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ‘হার’, ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ভারত

brs@admin

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২ কোটি ডলারের মামলা করলেন ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট

News Desk

২১ মে পর্যন্ত চলবে টিসিবির ট্রাকসেল, প্রতি ট্রাকে সুবিধা পাবেন ৪০০ জন

News Desk

গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে বাংলাদেশকে যোগদানে চীনের আমন্ত্রণ

News Desk

হাতজোড় করে ক্ষমা চাইলেন রাকিব হোসেন

brs@admin