কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজ পাওয়া নেতাদের সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
শোকজ নোটিশে ৪৮ ঘণ্টার সময়সীমা
নোটিশে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত নির্ধারিত কর্মসূচিতে তাঁরা অনুপস্থিত ছিলেন। দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে শোকজ পাওয়া নেতাদের।
শোকজ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন আল বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন এবং শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম।
এ ছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান, শহীদ রফিক-জব্বার হল শাখার সভাপতি জাহিদ খান, শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপনকেও শোকজ করা হয়েছে।




