ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের নাজরান প্রদেশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটিকে মাঝ আকাশেই শনাক্ত করে ধ্বংস করে দিয়েছে।
ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়েছে। এসব ধ্বংসাবশেষে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জোট।
ঘটনার পর নাজরানে বেসামরিক প্রতিরক্ষা সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালের মার্চে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বেড়েছে। এই সময়ে সৌদি আরব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।
তবে সর্বশেষ এই হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




