নায়িকা পরীমনির অভিযোগের পর সাংবাদিক রবিউলের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি রবিউলের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।
পরীমনির দেহরক্ষী-কাণ্ড নিয়ে চলমান বিতর্কের মধ্যেই মানসুরা আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

পরীমনির অভিযোগ নিয়ে যা লিখলেন মানসুরা
মানসুরা আলম লিখেছেন, তিনি রবিউলকে অনেক দিন ধরে চেনেন। তার ভাষায়, রবিউল অত্যন্ত ভদ্র ও সংবেদনশীল একজন মানুষ; কারও গায়ে হাত দেওয়ার মতো মানুষ তিনি নন।
পোস্টে তিনি আরও লিখেছেন, ভিডিও বাইট নেওয়ার সময় রবিউল খুব সতর্ক থাকেন। তার ভাষায়, একজন নারী বুঝতে পারে কে কী উদ্দেশ্যে তাকাচ্ছে; আর রবিউলের জন্মগতভাবেই একটি হাত নেই।
মানসুরা আলম বলেছেন, ক্ষমতাবান নায়িকার একটি কথার জেরে যেন কেউ মিডিয়া ট্রায়াল বা চরিত্র হননের শিকার না হন, সেই আশঙ্কা থেকেই তিনি এই পোস্ট দিয়েছেন।

উল্লেখ্য, পরীমনির অভিযোগ ঘিরে গত কয়েক দিন ধরে বিনোদন অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এ প্রসঙ্গে এবার সরাসরি নিজের অবস্থান জানালেন এই সংসদ সদস্য।




