অভিনয়ে আসার আগে আইনজীবী হিসেবে কাজ করতেন অভিনেতা সিয়াম আহমেদ। এখনো সেখানে কিছুটা সময় দেন তিনি, তবে এখন তাঁর মূল পরিচয় পেশাদার অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাত্কারে ওকালতি ছেড়ে অভিনয়ে আসার গল্প শুনিয়েছেন এই নায়ক।
মনের ডাকেই বেছে নিয়েছিলেন অভিনয়
সিয়াম বলেন, ‘অন্য পেশাকে কম্প্রোমাইজ করেই আমি অভিনয়ে এসেছি। কারণ এ পেশা বেছে নেওয়া ছিল আমার মনের ভেতেরের ডাক।’ আইন বিষয়ে পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য কোনো আফসোস নেই বলেও জানান তিনি। তাঁর ভাষায়, ‘অর্জিত শিক্ষা বা অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। মানুষের আচরণ পর্যবেক্ষণ ও চরিত্র ফুটিয়ে তুলতে এটি আমার কাজে লাগে।’
ক্যারিয়ারের শুরুর দিকে এই পেশা নিয়ে অনিশ্চয়তাও ছিল সিয়ামের। তিনি বলেন, ‘সিনেমার অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে তখন মানসিক চাপ ছিল। তবে আমি নিজের স্ব্প্নের প্রতি সব সময় সৎ ও অবিচল ছিলাম। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর মানসিক সমর্থন আমার জীবন অনেক সহজ করেছে।’

পারিবারিক জীবন নিয়েও কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, ‘সন্তান হওয়ার পর আমি বেশ পরিবারকেন্দ্রিক হয়ে উঠেছি। নিজে বাবা হওয়ার পর সম্পর্কের গভীর আবেগ বুঝতে পেরেছি। তাই এখন পরিবার ও শিশুদের উপযোগী সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছি।’

শুধু ঈদে সিনেমা মুক্তির চল নিয়েও আপত্তি জানিয়েছেন সিয়াম। তাঁর ভাষায়, ‘শুধু ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তির মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। বছরজুড়ে নিয়মিত সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করা দরকার।’ সস্তা তারকাখ্যাতির পেছনে না ছুটে কাজের সততা ও পারফরম্যান্স দিয়ে দর্শকের মনে জায়গা করাই তাঁর লক্ষ্য।
সিয়ামকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমায়। বর্তমানে তিনি রায়হান রাফী পরিচালিত থ্রিলার ‘আন্ধার’ নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটি ২০২৭ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাণকাজ চলছে।




