শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ মহুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে রাজপথে নামতে হবে, রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে।
মঙ্গলবার পাবনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সভায় সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলা যাবে না
নাহিদ ইসলাম বলেন, সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবেই আন্দোলনের এমন পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার পার পেতে পারে না। শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ও সরকারকেই নিতে হবে, কারণ সেটি হবে গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রায় ৫০০টি আন্দোলন মোকাবিলা করেছে। জনগণের আস্থা থাকলেই কেবল আন্দোলন থামবে, কিন্তু এই সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই। সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও ইশতেহারের অঙ্গীকারও ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি।
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে খোলা বাজারে ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে, এখন দাম আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে।




