ধর্মের অপব্যবহার ও ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও কল্যাণের ধর্ম। সঠিকভাবে ইসলামের প্রচার ও চর্চা হলে তা সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।
ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন আলেমরা
প্রতিনিধিদলের নেতাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সঠিক ইসলাম প্রচারের মাধ্যমে তাঁরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। যারা ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, তাঁরা তাদের থেকে দূরে থেকেছেন এবং এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পীর-মাশায়েখ ও আলেমরা দীর্ঘদিন ধরে ইসলামের প্রসার এবং মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরি। বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার করা গেলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় সম্মেলনে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। প্রতিনিধিদলের বিভিন্ন দাবির বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।




