চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় উল্টে যাওয়া মিনিবাসের নিচে চাপা পড়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরেক ছাত্রীসহ তিনজন।
নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাল্লা দিয়ে ছুটে চলা দুটি লরির একটি থেমে থাকা মিনিবাসটিকে ধাক্কা দিলে বাসটি কাত হয়ে উল্টে পড়ে।
হাইওয়ে পুলিশ জানায়, মিনিবাস থেকে নামার কিছুক্ষণ পরই ওই ছাত্রীর ওপর বাসটি উল্টে পড়ে। স্থানীয় লোকজন লরি দুটি জব্দ করেন। পুলিশ লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে থানায় নিয়েছে।
পদচারী-সেতুর দাবিতে মহাসড়কে শিক্ষার্থীরা
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুপুর পর্যন্ত অবরোধ চলছিল।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে তাঁরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় পদচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। ছাত্রী নিহতের প্রতিবাদ ও সেই দাবিতেই তাঁদের এই অবরোধ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।




