কেন্টের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। তাঁর ৫ উইকেট শিকারে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৫২তম ম্যাচের প্রথম দিনেই ১৬১ রানে অলআউট হয়েছে ল্যাঙ্কাশায়ার।
কেন্টের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা খালেদ ১৫.৫ ওভার বোলিং করে ৪২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। জবাবে দিন শেষে ৭ উইকেটে ১৫১ রান করেছে কেন্ট। ফলে ৩ উইকেট হাতে রেখে ল্যাঙ্কাশায়ারের চেয়ে ১০ রানে পিছিয়ে রয়েছে তারা।
ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস জিতে প্রথমে ল্যাঙ্কাশায়ারকে ব্যাটিংয়ে পাঠায় কেন্ট। শুরুটা ভালোই করে ল্যাঙ্কাশায়ার। উদ্বোধনী জুটিতে ৩১ ওভারে ৮১ রান যোগ করেন কিটন জেনিংস ও মাইকেল জোন্স।
ইনিংসের ৩২তম ওভারে অষ্টমবারের মতো আক্রমণে এসে প্রথম বলেই ল্যাঙ্কাশায়ারের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ। কিটন জেনিংসকে ৩০ রানে ফিরিয়ে দেন বাংলাদেশের এই ডানহাতি পেসার।
নিজের পরের ওভারেই আবারও আঘাত হানেন খালেদ। নবম ওভারে মিডল অর্ডার ব্যাটার রকি ফ্লিনটফকে কোনো রান না করেই সাজঘরে ফেরান তিনি।
নিজের ১৩তম ওভারে তৃতীয় উইকেটের দেখা পান খালেদ। এবার ম্যাটি হার্স্টকে ৩৭ রানে থামান তিনি।
ইনিংসের ৫৯তম ওভারে এসে পরপর দুই বলে দুই উইকেট শিকার করে ল্যাঙ্কাশায়ারকে ১৬১ রানে গুটিয়ে দেওয়ার পথে বড় ভূমিকা রাখেন খালেদ। পরপর দুই বলে উইকেট নেওয়ায় পরের ইনিংসে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছে তাঁর সামনে।
১৫.৫ ওভার বোলিং করে ৪২ রানে ৫ উইকেট নেন খালেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে দশমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন তিনি।
এর আগে ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি ক্রিকেটে অভিষেক হয় খালেদের। ওই ম্যাচের প্রথম ইনিংসে ৭৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬৪ রান খরচ করেও কোনো উইকেট পাননি এই পেসার।
ল্যাঙ্কাশায়ারের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার মাইকেল জোন্স।
দিনের শেষভাগে ৩৫ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছে কেন্ট। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত আছেন ওপেনার জ্যাক ক্রলি।
এদিকে কেন্টের হয়ে এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। চার ম্যাচে ২৬ উইকেট শিকার করেছেন তিনি। জাতীয় দলের ব্যস্ত সূচি ও কাজের চাপের কারণে কেন্টের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে।




