বর্তমান সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ মনে করেছিল ফ্যাসিবাদের অবসান হয়েছে। কিন্তু দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ যে পথে এগিয়েছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে তিনি মনে করেন।
তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা থেকে সরকার সরে না এলে দেশের জনগণ আওয়ামী লীগের মতোই তাদের প্রত্যাখ্যান ও বিতাড়িত করবে।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করার জন্য জুলাই জাদুঘরের গুরুত্বপূর্ণ অনেক উপাদান সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি দল ছাড়া দেশের অন্যান্য রাজনৈতিক দলের ইতিহাসও মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সেমিনারে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনাবলি এবং জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের বিষয়েও কথা বলেন।



