হৃদরোগের ধাক্কায় ক্যারিয়ার থামালেন অস্কার । হৃদযন্ত্রের জটিলতা শেষ পর্যন্ত থামিয়ে দিল একটি সম্ভাবনাময় ফুটবল অধ্যায়। মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার।

গত বছরের নভেম্বরে কার্ডিয়াক সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সময় থেকেই তার ফুটবল ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। প্রায় পাঁচ মাস পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তার ক্লাব সাও পাওলো। যদিও ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের শেষ পর্যন্ত তার চুক্তি ছিল, চলতি সপ্তাহেই সেটির ইতি টানছেন এই মিডফিল্ডার।
বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে ফিটনেস পরীক্ষার সময় এক্সারসাইজ বাইকে অসুস্থ হয়ে পড়েন অস্কার। চিকিৎসকেরা জানান, তিনি ভাসোভাগাল সিনকোপে আক্রান্ত হন, যা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার সাধারণ একটি কারণ। এ অবস্থায় তার অস্ত্রোপচারও করতে হয়। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।
চীন অধ্যায় শেষে ২০২৪ সালের শেষদিকে ফ্রি এজেন্ট হিসেবে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরেছিলেন অস্কার। ক্লাবের বিবৃতিতে তিনি বলেন, সাও পাওলোর হয়ে আরও বেশি খেলতে চেয়েছিলেন, নিজের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু শারীরিক পরিস্থিতির কারণে এখন অবসরে যাওয়াই একমাত্র পথ। ভবিষ্যতে তিনি ক্লাবটির একজন সমর্থক হিসেবেই থাকবেন।

ক্লাব ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন চেলসিতে। ২০১২ সালে যোগ দেওয়ার পর জিতেছেন একটি ইউরোপা লিগ ও দুটি প্রিমিয়ার লিগ শিরোপা। ২০১৬-১৭ মৌসুমের মাঝপথে ৭৩ মিলিয়ন ডলারে পাড়ি জমান চীনা ক্লাবে। সেখানে তিনটি সুপার লিগ জিতে এশিয়ান ফুটবলে অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন অস্কার। তবে ২০১৫ সালের পর আর তাকে দেখা যায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে। জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে করেছেন ১২ গোল।