BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

আবদুল হামিদ এর বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় গ্রেফতার করা হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার (৮ জুন) দিবাগত রাত পৌনে দুইটার দিকে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। তবে ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৯ জুন) সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে তাকে (আবদুল হামিদ) গ্রেপ্তার করা হবে।
উপদেষ্টা বলেন, ‘কেউ যেন হয়রানির শিকার না হয় সে কারণে যাচাই-বাছাই করেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার পর যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে।’
ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে মোটামুটি খুশি বলে জানান উপদেষ্টা। তিনি দাবি করেন, ‘ছোটখাটো ছিনতাই–চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক।’
এ সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা, খাওয়া-দাওয়ার খোঁজ খবর নেন তিনি।
এর আগে, চিকিৎসা শেষে রোববার দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঢাকা বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 
আরও জানা গেছে, রাত দেড়টার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে রাত ৩টার দিকে কিশোরগঞ্জে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
গত ৮ মে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ওইদিন দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। এ সময় আবদুল হামিদের সঙ্গে ছিলেন তার ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ।
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় সারা দেশে বিভিন্ন মহলে সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। এই ঘটনায় প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার হাসান চৌধুরী ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিন আরিফকে।
বরখাস্ত করা হয় কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম ও পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (ট্রেইনি) মো. সোলেমানকে।
আবদুল হামিদের বিদেশযাত্রার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামপন্থী বিভিন্ন দলের নেতা-কর্মীরা জমায়েত করে। পরে তারা সমাবেশ করে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এরপর সরকারের তরফ থেকে সিদ্ধান্ত আসে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের।
ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

জাপান যাচ্ছেন ইসি সচিব আখতার

News Desk

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে : সালাহউদ্দিন

News Desk

ককটেল বিস্ফোরণ মামলায় ফখরুল-আব্বাসসহ ৬৫ জনকে অব্যাহতি

News Desk

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা

brs@admin

হাসিনার পাঁচ, রেহানার সাত ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড

News Desk

ইরানে ইসরাইলপন্থি ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

News Desk
Translate »