বলিউড তারকাদের ঘিরে একের পর এক হুমকি আর হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মুম্বাইয়ের চলচ্চিত্রজগতে। সর্বশেষ অভিনেতা সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর আগে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়, আর সালমান খানকে ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে নিরাপত্তা উদ্বেগ।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরাপত্তার কারণে কয়েকটি ছবির শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে, কোথাও বদলে ফেলা হচ্ছে শুটিংয়ের স্থান। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইটম্যান, স্পটবয়, টেকনিশিয়ানসহ দৈনিক মজুরিতে কাজ করা হাজারো কর্মী। শুটিং না হলে তাঁদের আয়ও বন্ধ হয়ে যায়।
প্রাণনাশের হুমকিতে বলিউড
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) গত শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশকে চিঠি পাঠিয়েছে। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মুম্বাইয়ের পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছেও। সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত জানান, তারকাদের নিরাপত্তার পাশাপাশি শুটিং সেট ও সেখানে কর্মরত মানুষদের সুরক্ষাও জরুরি।
চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তাতে কাজ হারাবেন বিপুলসংখ্যক কর্মী, বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন প্রযোজকেরাও। চিঠিতে আরও দাবি করা হয়েছে, কয়েকজন হুমকিদাতা ২০০ জন শুটার প্রস্তুত থাকার কথা বলেছেন, যদিও এই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নতুন করে আলোচনায় এসেছে সাইফ আলী খানকে দেওয়া প্রাণনাশের হুমকি। গত বৃহস্পতিবার মুম্বাই পুলিশ জানায়, অভিনেতার ফোনে একটি ভয়েস বার্তা এসেছে, যেখানে প্রেরক নিজেকে জিশান আখতার হিসেবে পরিচয় দিয়েছেন। জিশান ২০২৪ সালে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যা মামলার পলাতক অভিযুক্ত। বার্তায় সাইফকে হুমকি দিয়ে বলা হয়, তাঁর পরিণতিও বাবা সিদ্দিকির মতো হবে। তবে বার্তাটি সত্যিই জিশান পাঠিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ; কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বিষয়টিও তদন্তে রয়েছে।
চিঠিতে বলিউডের বর্তমান পরিস্থিতির সঙ্গে নব্বইয়ের দশকের তুলনা করেছে সংগঠনটি। সে সময় মুম্বাইয়ের চলচ্চিত্রজগতে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল বড় উদ্বেগের বিষয়। তারকাদের হুমকি, চাঁদাবাজি ও অপরাধ চক্রের প্রভাব নিয়ে তখন প্রায়ই খবর হতো। সংগঠনটির বক্তব্য, চলচ্চিত্র তারকারা সব সময় প্রচারের আলোয় থাকেন বলে অপরাধী চক্রগুলো তাঁদের হুমকি দিয়ে প্রচার পেতে বা অর্থ আদায় করতে চায়।




