মালয়েশিয়া নেওয়ার কথা বলে সাগরপথে ট্রলারে তোলা ৭২ জনকে এক সপ্তাহ সাগরে ভাসিয়ে রেখে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে পালিয়ে গেছে মানবপাচারকারীরা। শুক্রবার রাতে ট্রলারটি সৈকতে ভিড়লে পুলিশ, এসআরবি-১৫ ও কোস্টগার্ডের সদস্যরা নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে; তাঁদের মধ্যে ছয়জন রোহিঙ্গা। বাকি যাত্রীরা তীরে নেমে বিভিন্ন দিকে চলে গেছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
উদ্ধার হওয়াদের কয়েকজন জানান, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাঁদের সাগরে অপেক্ষমাণ একটি বড় মাছ ধরার ট্রলারে তোলা হয়। এরপর টানা ছয়-সাত দিন তাঁদের সাগরে ভাসিয়ে রাখা হয়।
পালাল মানবপাচারকারীরা
সাগরে থাকার একপর্যায়ে মুক্তিপণের টাকা আদায় ও বৈরী আবহাওয়া নিয়ে ট্রলারের ১৭ জন মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার রাতে ট্রলারটি লাবণী পয়েন্টের তীরে ভেড়ানো হলে পাচারকারীরা লাফিয়ে নেমে পালিয়ে যান।
ভুক্তভোগীদের অভিযোগ, ট্রলারে তাঁদের মাছ রাখার কোল্ড স্টোরেজের ভেতরে আটকে রাখা হতো, খাবার না দিয়ে মুক্তিপণ দাবি করা হতো। চকরিয়ার রাজমিস্ত্রি আক্তার জানান, ড্রেন নির্মাণের কাজের কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে তাঁকে ট্রলারে তোলা হয়; মুক্তিপণের টাকা দিতে না পারায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। কয়েকজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
উদ্ধার হওয়াদের অভিযোগ, এই পাচারের পেছনে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার আব্দুল আমিনের চক্র জড়িত। স্থানীয়দের ভাষ্য, একাধিক মামলার পলাতক আসামি আব্দুল আমিন পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচার চালিয়ে আসছেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মানবপাচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। উদ্ধার রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো এবং স্থানীয়দের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে পাচারকারী চক্রের আস্তানায় অভিযানের সময় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ নামের এক সেনাসদস্য নিহত হন। ওই অভিযানে পাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার ও চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের ভাষ্য, শুষ্ক মৌসুমে সাগরপথে মানবপাচারের ঘটনা বাড়ে।

