সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত কার্যালয়টিতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। আগুনে কার্যালয়ের ১৫ থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার ও একটি টেবিল পুড়ে গেছে।
বাজারের পাহারাদারদের বরাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু জানান, মুখোশধারী কয়েকজন এসে দ্রুত আগুন ধরিয়ে পালিয়ে যায়। কার্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখে পাহারাদারেরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া বলেন, আত্মগোপনে থেকে ফেসবুক লাইভে উসকানিমূলক বক্তব্য দেওয়া সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশে আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে, এতে ভেতরের কিছু আসবাবপত্র পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।




