BRS TIMES
সেন্টমার্টিন থেকে ট্রলারে টেকনাফে ফিরলেন সাড়ে তিনশ পর্যটক
জাতীয়প্রচ্ছদসারাদেশ

সেন্টমার্টিন থেকে ট্রলারে টেকনাফে ফিরলেন সাড়ে তিনশ পর্যটক

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে সাড়ে তিনশ জন ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার সকাল থেকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে সার্ভিস ট্রলারগুলো শাহপরীর দ্বীপ জেটিঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি থাকায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখে জেলা প্রশাসন। এতে দ্বীপে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক, যাঁদের মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থীও রয়েছেন।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শনিবার সকাল থেকে ট্রলারে পর্যটকদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। প্রতিটি ট্রলারে ৩০ থেকে ৩৫ জন করে মোট সাড়ে তিনশ পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। তবে ট্রলারের সংকট থাকায় এখনো অনেক পর্যটক জেটিঘাটে অপেক্ষা করছেন।

ফিরলেন সাড়ে তিনশ পর্যটক

জেটিঘাটে অপেক্ষা করা রাজশাহীর পর্যটক খলিলুর রহমান জানান, পরিবারের নয় সদস্যকে নিয়ে আনন্দ ভ্রমণে এসে তাঁরা দ্বীপে আটকা পড়েন। ভ্রমণের বাজেট শেষ হয়ে যাওয়ায় যেকোনো উপায়ে দ্বীপ ছাড়তে চান তাঁরা।

আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে কক্ষভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে, কোথাও কোথাও বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, যাঁরা ফিরতে চান তাঁরা ট্রলারে করে টেকনাফে যাচ্ছেন, আর যাঁরা থাকতে চান তাঁরা দ্বীপেই অবস্থান করছেন। টেকনাফের ইউএনও এসএম অনীক চৌধুরী জানান, জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা পর্যটকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচল আবার শুরু হবে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে রোববার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে।

Related posts

যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি

brs@admin

কাউকেই ‘শাপলা’ প্রতীক দেওয়া হবে না : সিইসি

News Desk

‘আমার জানাজায় যেন কেউ না কাঁদে’; সাংবাদিক মারিয়াম

News Desk

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

News Desk

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

News Desk

জলাবদ্ধতায় ফসলহানির অভিযোগে তেলিগাতীতে মানববন্ধন

Durjoy Das